২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে সিসিভিত্তিক নির্দিষ্ট শুল্ক প্রবর্তনের দাবি

পুরনো (রিকন্ডিশন্ড) মোটরযান আমদানিতে সিসিভিত্তিক নির্দিষ্ট শুল্ক প্রবর্তনের দাবি জানিয়েছে এ শ্রেণীর গাড়ি আমদানিকারকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো (রিকন্ডিশন্ড) মোটরযান আমদানিতে সিসিভিত্তিক নির্দিষ্ট শুল্ক প্রবর্তনের দাবি জানিয়েছে এ শ্রেণীর গাড়ি আমদানিকারকেরা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব মো. আব্দুল হামিদ শরীফ এ দাবি জানান। তিনি বলেন, "নতুন অর্থবছরের বাজেটে পুরনো/রিকন্ডিশন্ড মোটরযানের ক্ষেত্রে ডিলার্স কমিশন হ্রাস করে অবচয়ের ক্ষেত্রে নতুন হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির সংজ্ঞাও পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন শ্রেণীর মোটরযানের দাম সিসিভেদে ৫ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত বেড়ে যাবে।" বাজেটের প্রস্তাবনা পুনর্বিবেচনা করে অবচয়ের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ এবং অবচয়ের ক্ষেত্রে 'কিলোমিটার' এর প্রস্তাবিত মাপকাঠি প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি। এছাড়া ২০০০ সিসি পর্যন্ত মোটরকার ও অন্যান্য মোটরগাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ এবং ২০০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ৬০ শতাংশ করা; মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং আট আসন বিশিষ্ট ২০০০ সিসি মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ২০ শতাংশ করার প্রস্তাব করেছে বারভিডা। সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি মোহাম্মদ শাহ্ সেলিম টিপু বলেন, "প্রস্তাবিত বাজেট পাস হলে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের গাড়ি কেনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।" অন্যান্যের মধ্যে বারভিডার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কোনো মোটরযান অন্তত এক বছরের পুরনো (৩৬৫ দিন) এবং ন্যূনতম এক হাজার কিলোমিটার না চললে তা রিকন্ডিশনড হিসাবে গণ্য করা হবে না। অবচয়ের ক্ষেত্রে (ডিপ্রিশিয়েশন) আমদানি শুল্ক এক বছরের পুরনো মোটরযানের জন্য পাঁচ শতাংশ, দুই বছরের জন্য ১০ শতাংশ, তিন বছরের জন্য ২০ শতাংশ এবং চার বছরের জন্য ৩০ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 'বিলাসবহুল অথচ অপ্রয়োজনীয়' যানবাহন আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক যথাক্রমে ৬০, ১০০, ২৫০ ও ৩৫০ শতাংশে পুনর্বিন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। তবে কাঁচামাল ও যাত্রী পরিবহনে ব্যবহৃত ১৫০০ থেকে ১৮০০ সিসি'র সাধারণ মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করতে বলা হয়েছে। এছাড়া রিকন্ডিশনড গাড়ি কেনাবেচার ক্ষেত্রে ডিলার্স কমিশন ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৮৫৯ ঘ.