২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গার পানির প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে করা রিটের রায় বৃহস্পতিবার

ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবে আদালত। বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর দুইদিনের শুনানি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেন। গত ৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এম কে মুরাদুজ্জামান ও ফারুক হোসেন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, "১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ভারত ত্রিশ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পাদিত হয়। ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করে বাংলাদেশের প্রাপ্য পানির ন্যায্য হিস্যা না দিয়ে প্রতিবছর ফারাক্কা বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহার করে নেয়। এর ফলে বাংলাদেশের উত্তরবঙ্গে মরুকরণ শুরু হয়েছে। সুন্দরবন মরে যাচ্ছে।" তিনি শুনানিতে আরও বলেন, "ওই চুক্তি অনুযায়ী প্রতি পাঁচ বছর এমনকি দুই বছর পরপর চুক্তিটি বাস্তবতার আলোকে রিভিউ করা যাবে। বাংলাদেশের পক্ষে একতরফাভাবেও এ রিভিউ প্রস্তাব করার সুযোগও চুক্তিতে রাখা হয়েছে। কিন্তু চুক্তি সম্পাদনের পর একযুগ পেরিয়ে গেলেও কোন রিভিউএর উদ্যোগ নেওয়া হয়নি।" তাজুল ইসলাম বলেন, "চুক্তি অনুযায়ী চুক্তি সম্পাদনের দুই বছর পর চুক্তির প্রভাবে দুই দেশের পরিবেশ ও বাস্তবতার ওপর কি প্রভাব পরে তাও পর্যালোচনার সিদ্ধান্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এ ব্যাপারে বাস্তব কোন কিছুই করতে সক্ষম হয়নি।" রিট আবেদনে চুক্তিটি বাংলাদেশের বাস্তবিক প্রয়োজন, চুক্তির শর্তাবলী এবং আন্তর্জাতিক নদী সংক্রান্ত আইন ও কনভেনশনের আলোকে রিভিউ করা এবং পাশাপাশি চুক্তি অনুযায়ী পানির প্রাপ্ততা নিশ্চিত করতে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা হিসেবে গঙ্গা ব্যারেজ নির্মাণের নির্দেশনা প্রার্থনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানির প্রাপ্ততা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে চুক্তিটি রিভিউ করার ব্যবস্থা করতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না এ মর্মে সরকারের প্রতি রুলনিশি জারির আবেদন জানানো হয়। রিটে মন্ত্রী পরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সচিব, বন ও পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব ও দুর্যোগ ও ত্রাণ সচিবকে প্রতিপক্ষ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৬৩৬ ঘ.