ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১৩ হাজার ৭৪৩ কোটি টাকা করার প্রস্তাব করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত। এ অর্থ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ কেনা এবং প্রতিবন্ধিত্ব রোধসহ বিভিন্ন খাতে ব্যয় করার সুপারিশ করেছেন তিনি।
অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান বলেছেন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে কর্মক্ষম করা যায়, বাজেটে তার প্রতিফলন থাকতে হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'জাতীয় বাজেট ২০০৮-০৯: প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রাপ্তি এবং ন্যায্য দাবি' শীর্ষক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন দেশের অর্থনীতিবিদদের সংগঠনের দুই শীর্ষ নেতা এ সব কথা বলেন।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ২২০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি টাকা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে পুনর্গঠনে ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তি বাবদ চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে ৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
বাজেটে প্রস্তাবিত বরাদ্দ প্রত্যাখ্যান করে আবুল বারাকাত বলেন, "প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা কিছুই না। এটাকে আমরা প্রত্যাখ্যান করছি। যেহেতু দেশের ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী, তাই বাজেটে তাদের জন্য ১৩ হাজার ৭৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক।"
প্রতিবন্ধিতা রোধের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, "বিজ্ঞানের যুগে ৮০ ভাগ প্রতিবন্ধিত্ব নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তার জন্য উপযুক্ত জায়গায় হাত দিতে হবে। মাতৃকালীন সেবা, দুর্ঘটনা ও চিকিৎসা বিলম্ব হ্রাস, বিভিন্ন ধরনের অনিচ্ছাকৃত দুর্ঘটনা প্রতিরোধ, প্রতিবন্ধী সহায়ক রোগ প্রতিরোধের উদ্যোাগ এবং দরিদ্র মা ও শিশুদের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দরকার।"
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এ সব খাতে খাতওয়ারি বরাদ্দের হিসাব তুলে ধরে প্রতিবন্ধীদের জন্য ১৩ হাজার ৭৪৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
আবুল বারাকাত বলেন, "সরকারের হিসাবে দেশে এখন প্রতিবন্ধীর সংখ্যা দেড় কোটি। অথচ এ সংখ্যা ২০ লাখের বেশি হওয়ার কথা ছিল না। রাষ্ট্র পরিচালকরা সংবিধানের মূলনীতি উপেক্ষা করার কারণেই প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পুর্তিতে দেশে প্রতিবন্ধীর সংখ্যা পাঁচ কোটি হবে।"
দরিদ্রদের মধ্যে প্রতিবন্ধিতার হার বেশি- এ পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, "সামাজিক সুরক্ষার আওতায় কিছু বরাদ্দ দিয়ে প্রতিবন্ধীদের জন্য কিছু করা যাবে না।"
রাজস্ব আদায় কম হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাখা বরাদ্দ দেওয়া হয় না- এ মন্তব্য করে অধ্যাপক কাজী খলীকুজ্জামান বলেন, "প্রতিবন্ধীদের জন্য প্রস্তাবিত বাজেটে পুরনো পদ্ধতিতে কিছু ভাতার ব্যবস্থা করা হয়েছে। দাক্ষিণ্যের পরিবর্তে তাদের বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।"
তিনি বলেন, "প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে কর্মক্ষম করে গড়ে তোলা যায়, বাজেটে তার প্রতিফলন থাকতে হবে।"
জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন।
তিনি বলেন, "সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন ছাড়া মৌলিক খাতগুলোতে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কোনও বরাদ্দ করা হয়নি। নেই কোনও উন্নয়ন প্রকল্পও।"
জওয়াহেরুল ইসলাম বলেন, "৫২ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থী সনাক্ত করা হলেও উপবৃত্তি দেওয়া হয় মাত্র ১২ হাজার ২০৯ জনকে। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি টাকা। অথচ এ খাতে অন্তত ৩৫ কোটি টাকা বরাদ্দ করা দরকার।"
তিনি দারিদ্র্য বিমোচন কর্মসূচি বিশেষ করে কর্মসংস্থান প্রকল্পে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮১৭ ঘ.
bdnews24