চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বর্ষণে নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে এসব এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচলও বন্ধ থাকে।
এছাড়া লালখান বাজার এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সকাল থেকে কুসুমবাগ ও মতিঝর্ণার এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত নগরীতে ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।"
তিনি জানান, লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বিকেল নাগাদ বৃষ্টিপাত কমে আসতে পারে বলে তিনি জানান।
আবহাওয়ার পূর্বাভাসে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত বহাল রয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও ছোট ছোট নৌযান সমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
টানা বৃষ্টিপাতে নগরীর চকবাজার, বাকলিয়া, বাদুরতলা, বহদ্দারহাট, ষোলশহর ২ নম্বর গেইট, মুরাদপুর, হালিশহর, আগ্রাবাদসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তিন ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। তবে দুপুরের দিকে পানি নেমে যায়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
গত বছরের ১১ জুনের পাহাড় ধ্বস ও জলাবদ্ধতার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপকভাবে খাল ও নালা নর্দমা সংস্কারের উদ্যোগ নিলেও জলাবদ্ধতা ঝুঁকি কাটেনি। অল্প বৃষ্টিতেই নগরীর খাল- নালাসমূহ উপচে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে সমুদ্রে জোয়ার থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যান্য স্থানে ময়লার কারণে পানি নিষ্কাষণ কিছুটা ব্যাহত হয়।"
দেড়দিনের টানা বৃষ্টিতে নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকার হালিম কোম্পানির গলিতে একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ওয়ার্ড কমিশনার এ এফ কবীর আহমদ মানিক দেয়াল ধসের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিঝর্ণা এলাকায় কোন পাহাড়ে ধস হয়নি।
তিনি জানান, নগরীর মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা লোকজনকে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম জানান, বৃষ্টিপাত শুরুর পর গত রাত থেকেই নগরীর লালখান বাজার মতিঝর্ণা, লেবুবাগান, কাইচ্যা ঘোনাসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের নিচে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এতে পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
তিনি জানান, সোমবার রাত থেকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কর্মকর্তা-কর্মচারিরা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছেন এবং লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ তদারকি করছেন। দুপুরে সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা থাকলেও তা বুধবার হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোফাজ্জেল হোসেন জানান, কুসুমবাগ ও মতিঝর্ণা এলাকার ১৩০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের কিছু আত্মীয় স্বজনের বাসায় উঠেছে। আর কিছু পরিবারকে ওয়ার্ড কমিশনারের তত্ত্বাবধানে অন্য জায়গায় থাকতে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "টানা দুইদিনের বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় তাদের সরানো হয়েছে।"
তবে এসব পরিবারকে আবার সেখানে ফিরে যেতে দেওয়া হবে কিনা জানতে চাইলে মোফাজ্জেল হোসেন বলেন, "এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24