২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ টেলিকমের ৮ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

জালিয়াতির মাধ্যমে ৯৪ লাখ টাকা আত্মসাতের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচজন ও রাজারবাগ পুলিশ টেলিকমের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জালিয়াতির মাধ্যমে ৯৪ লাখ টাকা আত্মসাতের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচজন ও রাজারবাগ পুলিশ টেলিকমের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ভাউচার জালিয়াতির মাধ্যমে ৯৪ লাখ ১৭ হাজার ১৮৭ টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে আসামিরা ২০০৬ সালে পরস্পর যোগসাজশে রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী হিসাব রক্ষক গোলাম রসুল হায়দারকে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা মো. আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকেলে কমিশনের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, বাংলাদেশ পুলিশ টেলিকমের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক আবদুল লতিফ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এস এ এস সুপার মো. আনোয়ার হোসেন; একই কার্যালয়ের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবদুর রশিদ সরকার, ফজলুর রহমান ও মো. মকবুল হোসেন; অধীক্ষক মালেকা পারভীন বানু এবং রাজারবাগ এ আই জি টেলিকম কার্যালয়ের সাবেক অফিস সহকারী মো. হাফিজুল হোসেন ও পুলিশ টেলিকমের পরিদর্শক রেজাউল করিম। এদের মধ্যে আবদুল লতিফ কারাগারে ও মো. আনোয়ার হোসেন জামিনে রয়েছেন। বাকিরা পলাতক। অভিযোগের প্রমাণ না পাওয়ায় এ মামলার এজাহারভুক্ত আসামি হারুন এন্টার প্রাইজের মালিক হারুন আর রশিদকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক। মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক শাহনূর আলম গত বছর ২৩ মার্চ পল্টন থানা মামলাটি দায়ের করেন। পরে এর তদন্তভার দুর্নীতি দমন কমিশনের হাতে যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী হিসাব রক্ষক গোলাম রসুল হায়দার ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে মতিঝিলের বাসা থেকে অফিসে যাওয়ার পথে সন্ত্রাসীদের হাতে খুন হন। ওই ঘটনার পর তার বাসা থেকে ১ কোটি ৪৫ হাজার টাকার মালামাল কেনার একটি ভাউচারের ফটোকপি পাওয়া যায়। ওই ঘটনার পরপরই মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। জালিয়াতির মামলার তদন্তে দেখা যায়, রাজারবাগ এআইজি টেলিকম কার্যালয়ের 'এন সি প্যাক ব্যাটারি' কেনার নাম করে এক কোটি ৪৫ হাজার টাকার ওই ভাউচার তৈরি করা হয়। এর মধ্যে সরকার নির্ধারিত আয়কর বাবদ ৪ লাখ ১ হাজার টাকা ও ভ্যাট বাবদ ২ লাখ ২৫ হাজার ১২ টাকা বাদ দিয়ে বাকি ৯৪ লাখ ১৭ হাজার ১৮৭ টাকার চেক মেসার্স হারুন এন্টারপ্রাইজের নামে ইস্যু করা হয়। ওই টাকা উত্তরা ব্যাংকের হোটেল ইশাখা শাখায় আব্দুল লতিফ ও মো. হাফিজুল হোসেনের অ্যাকাউন্টে জমা করা হয়। পরে অভিযুক্তরা পরস্পর যোগশাজসে ওই টাকা আত্মসাত করেন। গোলাম হায়দার এ জালিয়াতির ঘটনা জানতে পেরে প্রতিবাদ করলে লতিফ ও হাফিজুল তাকে হত্যার হুমকি দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গোলাম হায়দার নিহত হওয়ার আগে ভুয়া বিল করে টাকা আত্মসাতের এ ঘটনা স্ত্রীকে জানিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনা প্রত্যয়ণপত্রের একটি কপিও স্ত্রীর কাছে রেখেছিলেন। এরই সূত্র ধরে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। মামলার আসামি আবদুল লতিফ জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাত ও গোলাম হায়দারের খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩২৭ ঘ.