২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ুর পরিবর্তন খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে'

পরিবেশ বিজ্ঞানী ও বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এম আতিক রহমান বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেশে খাদ্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ বিজ্ঞানী ও বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এম আতিক রহমান বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেশে খাদ্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার বাংলাদেশ। অথচ রাষ্ট্রীয়ভাবে জলবায়ুর অধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো দাবি উঠছে না।" রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি বিভাগে আয়োজিত 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফরেস্ট এডাপ্ট্যাশন' শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, "জীববৈচিত্র্যের ওপর হুমকির পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন, লবণাক্ততা, বন্যা বৃদ্ধিসহ মানবদেহের বিভিন্ন জটিল রোগের কারণ জলবায়ুর পরিবর্তন।" বর্তমান বাজেটে জলবায়ুর পরিবর্তন খাতে বরাদ্দ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি'র ফরেস্ট্রি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। প্রবন্ধে তিনি আগামী শতাব্দীর জলবায়ু উপযোগী বৃক্ষ উদ্ভাবন নিয়ে নিজের গবেষণা তুলে ধরেন। সেমিনারে অন্যান্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম সালেকুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমান, ফরেস্ট একাডেমীর ডিএফও গোবিন্দ রায়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকরা বক্তব্য রাখেন। চবি'র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার থেকে শুরু হওয়া এ সেমিনারে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়, তিনটি গবেষণা প্রতিষ্ঠান ও চারটি মন্ত্রণালয়ের ৩৫ জন বিজ্ঞানী অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.