রাজশাহী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে রোববার।
মেলা কমিটির সভাপতি এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি খন্দকার মাইনুল ইসলাম জানান, মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় একশটি স্টল রয়েছে। ভারত, পাকিস্তান এবং ইরানের পণ্যসামগ্রী নিয়ে রয়েছে কয়েকটি স্টল।
এছাড়া উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তারা তাদের পণ্য সামগ্রী নিয়ে এসেছেন।
রাজশাহীর কালেক্টরেট মাঠে সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে স্থানীয় সম্পদের সুষম ব্যবহার প্রয়োজন।"
বিভাগীয় কমিশনার বিদ্যুৎ সমস্যাকে এ অঞ্চলের প্রধান সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ অঞ্চলের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. হাসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মুহাম্মদ মাহবুব মুহসীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24