মাদারীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছরের শিশু ধর্ষণ মামলায় বদিউজ্জামান টিটু (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাবিবুর রহমান রোববার এ রায় দেন।
দণ্ডিত বদিউজ্জামান টিটু রাজৈর উপজেলার সুতারকান্দি বাজিতপুর গ্রামের ওহাব আলী ফকিরের ছেলে।
রায়ের বলা হয়, জরিমানার ৪০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে ধর্ষিত শিশুকে দিতে হবে। তা না হলে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদালতের মাধ্যমে আদায় করা হবে।
রাজৈরের সহকারী কমিশনারকে (ভূমি) আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২০০৩ সালের ১৪ এপ্রিল দুপুরে রাজৈর উপজেলার বৌল গ্রামের এক গৃহপরিচারিকার মেয়েকে আসামি টিটু ধর্ষণ করে। এ ঘটনায় রাজৈর থানায় মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24