২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ অধ্যাদেশ অনুমোদন

একজন চেয়ারম্যান ও দু'জন ভাইস চেয়ারম্যানকে সরাসরি ভোটে নির্বাচিত করার বিধান রেখে 'উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮' চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দু'জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন থাকবেন নারী। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন চেয়ারম্যান ও দু'জন ভাইস চেয়ারম্যানকে সরাসরি ভোটে নির্বাচিত করার বিধান রেখে 'উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮' চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দু'জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন থাকবেন নারী। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "বৈঠকে উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮ চূড়ান্ত অনুমোদন দেওয়ার পাশাপাশি রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮ চূড়ান্ত অনুমোদন এবং ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)র সংশোধিত সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিদ্যুৎ বিতরণ আইন ১৯৯০ সংশোধন সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। আইনটি পাস হওয়ার পর ডেসা বিলুপ্ত হয়ে ডিপিডিসিতে রূপান্তরিত হবে। তবে ডেসার কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে না।" প্র্রেস সচিব বলেন, "উপজেলা পরিষদ অধ্যাদেশে সরাসরি ভোটে পরিষদের চেয়ারম্যান এবং দু'জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা সদস্যরা উপজেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।" অধ্যাদেশে বলা হয়, নির্বাচনের ফল নিয়ে কারো আপত্তি থাকলে এ সংক্রান্ত গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে মামলা করতে হবে। মামলার ১৮০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কেউ আপিল করতে চাইলে মামলা নিষ্পত্তির ৩০ দিনের মধ্যে তা করতে হবে। আপিল দায়েরের ১২০ দিনের মধ্যে সেটি নিষ্পত্তির কথা বলা হয়েছে অধ্যাদেশে। নির্বাচনী ট্রাইবুনাল ছাড়া অন্য কোনো আদালতে এ সংক্রান্ত আপত্তি উত্থাপন করা যাবে না। রাজনৈতিক দলের নেতাদের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও নির্বাচিত হলে শপথ গ্রহণের আগে তাকে দলীয় পদ ছাড়তে হবে। নির্বাচনের আগে প্রার্থীকে 'আমি অযোগ্য নই' মর্মে হলফনামা দিতে হবে। এছাড়া, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণের সময় হলফনামার মাধ্যমে সম্পত্তির ঘোষণা দিতে হবে। অধ্যাদেশে চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কিছু যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ববর্তী এক বছরের মধ্যে কেউ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণ বা এর কিস্তি খেলাপি হলে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। উপজেলা পরিষদের তহবিল তসরুফের কারণে কেউ দন্ডপ্রাপ্ত হয়ে থাকলে বা ফেরারি আসামি হলেও নির্বাচন করার যোগ্যতা হারাবেন। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্তরাও নির্বাচন করতে পারবেন না। গত জানুয়ারিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত আইন সংশোধন করে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দিয়ে দেয়। আগে এ তারিখ ঘোষণার এখতিয়ার ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে। ওই সংশোধনীর মাধ্যমে স্থানীয় সাংসদের উপজেলা পরিষদে উপদেষ্টা হিসেবে থাকার বিধানও বিলুপ্ত করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সাবেক সচিব ও বর্তমান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এ এম এম শওকত আলীর নেতৃত্বে গঠিত কমিটি স্থানীয় সরকার অধ্যাদেশের খসড়া প্রণয়ণ করে। গত বছরের নভেম্বরে এ কমিটি অধ্যাদেশের খসড়াসহ প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমআরএফ/এসএনডি/১৯৪৯ ঘ.