২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বয়ংক্রিয় রি-রোলিং কারখানায় উৎপাদন শুরু

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় স্থাপিত দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির একটি রি-রোলিং মিল শনিবার আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় স্থাপিত দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির একটি রি-রোলিং মিল শনিবার আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। ইতালির কারিগরি সহায়তায় এ রি-রোলিং কারখানাটি স্থাপন করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল (বিএসআরএম)। ১১ একর জমির ওপর কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি টাকা। এখানে একসঙ্গে ২২০ জন শ্রমিকের কাজের ব্যবস্থা হবে। গত ৪ মার্চ থেকে কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান কারখানাটি উদ্বোধন করেন। তিনি এ ধরনের দেশি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, "এখন থেকে আমাদের সবকিছু সুদুরপ্রসারী ও বৃহত্তর আঙ্গিকে চিন্তা করতে হবে।" দেশে শিল্প বিকাশের স্বার্থে ক্রমান্বয়ে বিদ্যুৎ ও গ্যাস সমস্যা নিরসন করা হবে বলেও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসআরএম গ্র"পের চেয়ারম্যান আলী হুসেন বলেন, "চট্টগ্রামের শিল্প কারখানার বিকাশে নতুন গ্যাস সংযোগ প্রদান প্রক্রিয়া আবার চালুর ব্যাপারে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে দেশের শিল্পায়ন পিছিয়ে যাবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা মারিয়া মার্তা উচি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম মনজু, ইতালির কারিগরি ও যন্ত্রপাতি সরবরাহ প্রতিষ্ঠান ডেনিয়েলি গ্র"পের ভাইস চেয়ারম্যান টুসো ওগো প্রমুখ। কারখানা কর্তৃপক্ষ জানায়, ইটালির ডেনিয়েলি গ্র"পের কারিগরি সহায়তায় স্থাপিত এ কারখানায় বছরে উন্নত মানের তিনলাখ ৭৫ হাজার মেট্রিক টন এমএস রড উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উৎপাদন এমএস রডের আভ্যন্তরীণ মোট চাহিদার ১৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.