চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আশিকুল হক ভূঁইয়াকে রাঙামাটি জেলার বরকল জোনে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এই বদলির আদেশ দেয়।
গত মঙ্গলবার সিএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছিল। নগরীর কোতোয়ালী থানার ওসি নুরুল আলম, বন্দর থানার ওসি জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার ওসি মুজিবুর রহমান মজুমদার ও বায়েজীদ থানার ওসি মতিউল ইসলামকে হাইওয়ে রেঞ্জে বদলি করা হয়।
সহকারী কমিশনার আশিকুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে রাঙ্গামাটির বরকল জোনে বদলি করা হয়েছে।
বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত সহকারী কমিশনার (এসিডিবি) ফোনে জানান, আগামী সপ্তাহে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
গত শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ চট্টগ্রাম সফর করেন। সেখানে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন চট্টগ্রাম মহানগর ও বিভাগের ১১টি জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24