২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ফোনে ফখরুদ্দীন-হাসিনা আলোচনা

সাময়িকভাবে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে কথা হয়। এর আগে সরকারের চার উপদেষ্টা হাসিনার বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। সরকার ও আওয়ামী লীগ দুপক্ষই বলছে, এ বৈঠকের মধ্য দিয়েই সংলাপ শুরু হলো। সরকার বুধবার দুপুরে এক নির্বাহী আদেশে হাসিনাকে আট সপ্তাহের জন্য মুক্তি দেয়। বৃহস্পতিবার সকালে তার বিদেশ যাওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 07:53 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাময়িকভাবে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে কথা হয়। রাতে কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে সরকারের সঙ্গে সংলাপে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। বৈঠকের সিদ্ধান্ত হয়, সভানেত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন। এ বৈঠকের পরপরই সুধা সদনে গিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন সরকারের চার উপদেষ্টা। বৈঠক চলাকালে এক উপদেষ্টার টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। সরকারের উপদেষ্টা ও আওয়ামী লীগ দুপক্ষই বলছে, এ বৈঠকের মধ্য দিয়েই সরকারের সঙ্গে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সংলাপ শুরু হলো। বুধবার দুপুরে সরকার এক নির্বাহী আদেশে শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয়। বৃহস্পতিবার সকালে তার বিদেশ যাওয়ার কথা। ১১ মাস পর সাময়িক মুক্তি নেত্রী মুক্তি পেতে পারেন এ খবরে বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সুধা সদন ও বিশেষ কারাগারের আশেপাশে জড়ো হন। কারা মহাপরিদর্শক জাকির হাসান বেলা সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার সাময়িক মুক্তির আদেশ আমার হাতে পৌঁছেছে। তাকে আট সপ্তাহের জন্য মুক্তি দিতে বলা হয়েছে।" প্রায় ১১ মাস কারাবাসের পর দুপুর পৌনে ২টার দিকে শেখ হাসিনা বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি ভালো আছি" সরকারি ভাষ্য শেখ হাসিনার মুক্তির ব্যাপারে সরকারের নির্বাহী আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে ১১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এ আদেশ সরকার যে কোনো সময় বাতিল করতে পারবে। পরে এ বিষয়ে এক তথ্য বিবরণীতে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার গত মার্চ মাসে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ চেয়ে আবেদন করে। সরকার গত ৫ জুন তার চিকিৎসার অগ্রগতি ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য মেডিকেল বোর্ড গঠন করে।" "বোর্ডের সুপারিশ অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য তার অভিপ্রায় অনুযায়ী বিদেশ যাওয়ার সাময়িক সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।" এতে আরো বলা হয়, "একইভাবে আইনি প্রক্রিয়া সমন্বয়ের মাধ্যমে খালেদা জিয়ার ক্ষেত্রেও দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।" বঙ্গবন্ধু ভবন হয়ে সুধাসদন মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে হাসিনা একটি কালো রঙের গাড়িতে করে দুপুর ১টা ৫৫ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে প্রথমেই তিনি বাবা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিজের ছোটবেলার ঘরে কিছুক্ষণ বসেন তিনি। ফুফু খাদিজা বেগম এসময় তার সঙ্গে ছিলেন। ৩২ নম্বর থেকে গাড়ি বহরটি বের হওয়ার পর আবার নেতাকর্মীদের ভিড়ের মুখে পড়ে। শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ও নেতাকর্মী রাস্তায় নেমে আসে। বিকেল পৌনে তিনটায় সুধা সদনে পৌঁছানোর একটু পর দোতলার বারান্দায় উঠে হাসিনা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। এ সময় নেতাকর্মীরা 'শেখ হাসিনা' 'শেখ হাসিনা' স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে শাড়ির আঁচলে মুখ ঢাকেন হাসিনা। চশমা খুলে চোখ মোছেন। নিজের অনমনীয় অবস্থা বোঝাতে সমর্থকদের মুষ্টিবদ্ধ হাত দেখান তিনি। দোয়া চেয়ে মোনাজাতের ভঙ্গি করেন। গত বছরের ১৬ জুলাই এই সুধা সদন থেকেই গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে। সংলাপে যাওয়ার সিদ্ধান্ত রাতে সুধা সদনে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। রাত পৌনে ১০টায় বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তিনি দুই মাসের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন। তার অনুপস্থিতিতে জিল্লুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে সংলাপ শুরু করার প্রস্তাব করেছেন তিনি। দেশে ফেরার পর তিনি নিজে এ প্রক্রিয়ায় অংশ নেবেন। কার্যনির্বাহী সংসদ সর্বসম্মতভাবে নেত্রীর এ প্রস্তাব অনুমোদন করেছে।" 'সংলাপ শুরু' কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর রাত সোয়া দশটার দিকে সুধা সদনে যান তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গোলাম কাদের, ইফতেখার আহমদ চৌধুরী ও হোসেন জিল্লুর রহমান। সেখানে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। এসময় বৈঠকে উপস্থিত এক উপদেষ্টাকে ফোন করে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে যৌথসংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা স্বল্পতম সময়ে গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ নির্বাচনের উদ্যোগ ও পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। আর প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে বলেছেন, সরকারও একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হোসেন জিল্লুর রহমান বলেন, "এ বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সূচনা হলো। সংলাপ একটি চলমান প্রক্রিয়া। আমাদের মধ্যে একাধিক বৈঠক হবে। শেখ হাসিনা দেশে ফিরলে চূড়ান্ত বৈঠক হবে।" তিনি বলেন, "আমরা আনন্দিত যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আস্থার পরিবেশে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আমরা আগামীতে বিএনপি'র সঙ্গেও আলোচনা করব।" প্রধান উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে আলাপ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "জাতির সফল উত্তরণে শেখ হাসিনা তার দায়িত্ব পালন করতে পারবেন বলে আমরা আশা করি। সন্দেহে ভারাক্রান্ত জাতি হিসাবে আমরা এগুতে চাই না। পারস্পরিক বিশ্বাস নিয়ে অগ্রসর হতে চাই।" সৈয়দ আশরাফুল বলেন, "সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে নিয়েই সংলাপে যাব। আমরা তার নেতৃত্বেই সংলাপে গেছি। শেখ হাসিনা বিদেশ থেকে ফিরলে মূল সংলাপ হবে।" মুক্তির প্রেক্ষাপট দুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার অনেকটা আকষ্মিকভাবেই গত বৃহস্পতিবার আলাদা মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ড ওইদিনই হাসিনাকে পরীক্ষা করে সরকারের কাছে প্রতিবেদন দেয়। মেডিক্যাল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ চলছিল। এ জন্য আইনজীবীদের আবেদনের মাধ্যমে দ্রুতগতিতে কয়েকটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তার অব্যাহতির ব্যবস্থা করা হয়। বোর্ডের চিকিৎসকরা পরামর্শ দেন, হাসিনা আগে যেখানে কানের চিকিৎসা নিয়েছেন, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রচণ্ড শব্দে শেখ হাসিনার কানের মারাত্মক ক্ষতি হলে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/০১৪২ ঘ.