বগুড়া, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর রকমারি খাবার ও বিভিন্ন বিষয়ের ওপর ব্যানার, ফেস্টুন ও ভিডিওচিত্রের প্রদর্শনী নিয়ে মেলা, দুর্নীতি প্রতিরোধ ও খাদ্যে স্বয়ংপূর্ণতা অর্জন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর সঙ্গীনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে রোড শো।
'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে চলমান রোড শো' উপলক্ষ্যে বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজন করা হয় মেলা। এই মেলায় কৃষি বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, র্যাব, টিঅ্যান্ডটি ও পর্যটন কর্পোরেশনের ছয়টি স্টলে আলু দিয়ে তৈরি কয়েক ধরনের খাবার, বিভিন্ন ধরনের লিফলেট, ব্যানার, ফেস্টুন ও ভিডিওচিত্র দেখানো হয়।
এছাড়া স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান ও ওয়ারিদ টেলিকমেরও স্টল ছিল মেলায়।
এর পাশাপাশি ছিল দুর্নীতি প্রতিরোধ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বগুড়ার ছয় বিশিষ্টজনকে দেওয়া হয় সংবর্ধনা। এরা হলেন- প্রবীণ শিক্ষাবিদ তাজমিলুর রহমান, সমাজ সেবক রওনক মহল দিলরুবা বেগম, আর্দশ কৃষক মোজাহার আলী, প্রবীণ শিক্ষক মোজাহার হোসেন, এসএমএ বারী, মোস্তাফিজার রহমান বাবলু।
তবে শহরের আমিনুল ইসলাম দুলাল অডিটোরিয়ামে সঙ্গীতানুষ্ঠান হয়েছে। তবে দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিতে মেলার ভিড় কমে যায়। মাঠে পানি জমে যাওয়ায় বিকেলে পৌরসভার পক্ষ থেকে আলু বিতরণ কর্মসূচিও বাতিল করতে হয়।
রোড শো উপলক্ষে আয়োজিত মেলা উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় তিনি বলেন, সরকারের এ ধরনের প্রচারণামূলক অনুষ্ঠান মানুষকে সুন্দর বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে সচেতন করবে।
বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের রাজশাহী অঞ্চলের পরিচালক মেজর শফিউল আযম, বগুড়া জেলা পুলিশ সুপার আকরাম হোসেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রোস্তম আলী মন্ডল, বগুড়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাজমিলুর রহমান প্রমুখ।
মেজর শফিউল আযম বলেন, দুর্নীতি প্রতিরোধের কাজ অব্যাহত থাকবে। দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রোড শো'র গাড়িবহর রংপুর থেকে বগুড়ায় পৌঁছে। রোববার বগুড়া থেকে এ গাড়িবহর যাবে রাজশাহী।
'ভাতের পাশাপাশি আলু একটি প্রধান বিকল্প খাবার', 'চাই সৎ ও যোগ্য নেতা', 'আসুন দূর্নীতি প্রতিরোধ করি', 'সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই', 'তথ্য প্রযুক্তি ও টেলি যোগাযোগের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ' ও 'প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজারকে ভোট দিন' এসব স্লোগান নিয়ে 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামের এই রোড শো শুরু হয়েছে ৩০ মে। ওই দিন রোড শো'র গাড়িবহর ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যায়।
এই গাড়িবহর ৫০ দিনে ৫৫ জেলা ঘুরবে। এর মধ্যে ২৫টি জেলায় গাড়িবহর থামবে এবং সেখানে মেলা অনুষ্ঠিত হবে। কক্সবাজারের টেকনাফ ঘুরে গাড়িবহর আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24