চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশ উপজেলার বড়কল গ্রামে সাজু আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হত্যার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে তার স্বামী বেলাল উদ্দিনকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৯ মে যৌতুকের জন্য শারিরীক নির্যাতনের পর সাজু আক্তারের শরীরে আগুন লাগিয়ে দেয় তার স্বামী বেলাল ও শ্বশুর বাড়ির লোকজন। আগুনে গৃহবধুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেলেও বুধবার পর্যন্ত তাকে ঘরে আটকে রেখে গ্রাম্য চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি ঘটলে বুধবার সাজুকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
গৃহবধুর পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার পর্যন্ত সাজুর শরীরে আগুন লাগার ঘটনাটি গোপন রাখা হয়। এমনকি তার বাবার বাড়ির কাউকেও জানানো হয়নি। বুধবার তার অবস্থার অবনতি ঘটার পরই তা জানানো হয় এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে সাজুর ভাই ও পরিবারের অন্য সদস্যরা বড়কলে এসে ঘটনার মূল কারণ জানতে চাইলে সাজুর স্বামী বেলাল আগুন লাগা এবং ঘরে আটকে রাখার কারণ জানাতে পারেনি। এক পর্যায়ে তাদের সঙ্গে গ্রামের লোকজনও যোগ দেয় এবং বেলালকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে বেলালকে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় তার স্বামী বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলালসহ তার পরিবারের আরও কয়েকজনকে আসামি করে সাজুর ভাই থানায় একটি হত্যা মামলা করেছেন বলেও তিনি জানান। তবে তিনি মামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
পাঁচ বছর আগে পূর্ব চন্দনাইশ গ্রামের সাজুর সঙ্গে বড়কলের বেলাল উদ্দিনের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০২০ ঘ.
bdnews24