ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, বর্তমান সরকার যানজট নিরসনের ওপর জোর দিয়েছে। রাজধানীর যানজট সমস্যা নিরসনে সরকার একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারবে এরকম গণ পরিবহন চালু করার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীর পুরনো বিমান বন্দরে 'এয়ারপোর্ট রোড-রোকেয়া সরণি লিংক রোড নির্মাণ' প্রকল্পসহ যানজট নিরসনে প্রস্তাবিত কয়েকটি প্রকল্পের অবহিতকরণ অনুষ্ঠানে এ কথা বলেন। ফখরুদ্দীন আহমদ বলেন, ২০০৯/২০১০ সাল নাগাদ যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, "অল্প সময়ে ঢাকার যানজট নিরসনের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় 'ম্যাস ট্রানজিট' এর চিন্তা ভাবনা করা হচ্ছে যাতে একসঙ্গে বেশিসংখ্যক মানুষ চলাচল করতে পারে।"
ফখরুদ্দীন আহমদ জানান, কয়েক সপ্তাহ আগে উপদেষ্টা পরিষদের সভায় 'স্ট্র্যাটেজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান' গৃহীত হয়েছে।"
নির্ধারিত সময়সীমার আগেই এয়ারপোর্ট রোড-রোকেয়া সরণি লিংক রোড বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন।
বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্পটিকে পরিবেশগতদিক থেকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, এটি যানজট নিরসনেও সহায়তা করবে।
তিনি বলেন, এ লক্ষ্যে জিয়া কলোনী থেকে মিরপুর সেনানিবাস পর্যন্ত সংযোগ সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। গুলশান-বনানী লেকের ওপর ব্রিজ নির্মিত হলে ওই এলাকার যানজট কমে আসবে।
ট্রাফিক সিগন্যালিং ও ম্যানেজমেন্ট ব্যবস্থার উন্নতি করার ব্যাপারেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে যানজট বেড়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে চলাচল সহজ হবে।
তিনি বলেন, প্রতি বছর ১ লাখ ২১ হাজার নতুন গাড়ি রাস্তায় নামলেও পুরনো গাড়ি চলাচল বন্ধ হচ্ছে না। রাজধানীতে রুটের সংখ্যা কমিয়ে এনে বেসরকারি বাসকে একটি কোম্পানির আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মত দেন তিনি।
অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান, ড. মো. সামসুল হক ও ড. মো. জোবায়ের বিন আলম যানজট নিরসনে গ্রহণ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
ড. মো. সামসুল হক বলেন, ১০টি প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমবে। তবে রাজধানীর যানজট নিরসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এ জন্য অর্থ ও সময় প্রয়োজন।
এয়ারপোর্ট রোড-রোকেয়া সরণি লিংক রোড নির্মাণের মাধ্যমে তেজগাঁও বিমান বন্দরের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। চার লেনের এ সড়ক ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ৫৩ ফুট প্রশস্ত হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এসকে/১৬৩৫ঘ.
bdnews24