ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৬ সদস্যের একটি অগ্রবর্তী দল আগামী ১৬ জুন ঢাকা আসবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বি টেন ট্যুসার।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, "আমার আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হবে এবং বাংলাদেশের জন্য এটা অত্যাবশ্যক।"
তিনি জানান, ইইউ প্রতিনিধিদলটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে বৈঠক করবে। এরপর তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো দল পাঠানো হবে কি না- সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ে মতামত পাঠাবে।
মতবিনিময় সভাটির আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। এতে সঞ্চালক ছিলেন প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ।
রাষ্ট্রদূত বলেন, "গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ অতীতেও সংগ্রাম করেছে এবং এখনো এজন্য তাদের সংগ্রাম করতে হবে। ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমেই এ দেশের মানুষ তাদের গন্তব্য নির্ধারণ করবে।"
নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করায় সরকারের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডের পানিব্যবস্থাপনা নিয়ে একটি প্রবন্ধ পড়েন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় তার সরকারের সহায়তা অব্যাহত রাখার ব্যাপারেও আশ্বাস দেন।
তিনি জানান, নেদারল্যান্ড প্রতিবছর বাংলাদেশকে পানিসম্পদ ব্যবস্থাপনা খাতে এক কোটি ৭০ লাখ ইউরো এবং উন্নয়ন খাতে ৬৫০ কোটি টাকা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২২০৮ ঘ.
bdnews24