চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের প্রায় সাত মাস পরেও বৃহত্তর চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা সরকারের কাছ থেকে কোন ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছে মৎস্যজীবী কল্যাণ পরিষদ।
সংগঠনটির দাবি, এ অঞ্চলের কয়েক হাজার মৎস্যজীবী সিডরে সহায়-সম্বল হারিয়েছেন। তারা বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোন সাহায্য পাননি। ব্যাংক ও মহাজনী ঋণে জর্জরিত এসব মৎস্যজীবী দুর্দশার মধ্যে আছেন।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহত্তর চট্টগ্রাম মৎস্যজীবী কল্যাণ পরিষদ নেতারা এ অভিযোগ করেন।
পরিষদ নেতাদের অভিযোগ, সিডরে নিহত ব্যবসায়ী এবং জেলেদের নামের তালিকা এ পর্যন্ত তিনবার বাগেরহাট জেলা প্রশাসককে দেওয়া হলেও তারা কোন সাহায্য পাননি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ বলেন, "সিডরে বৃহত্তর চট্টগ্রামের মাছ ব্যবসায়ী এবং শ্রমিকসহ ১৭ নিহত হয়েছেন। ট্রলারসহ মাছ ধরার সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি এবং প্রায় দশ হাজার মৎস্যজীবী ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তিনি দাবি করেন, চট্টগ্রাম অঞ্চলের জেলেদের প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "সমুদ্রে মাছ ধরতে গিয়ে সিডরের সহায়-সম্বলহীন হয়ে পড়া অনেক মৎস্যজীবী পরিবার ব্যাংক এবং মহাজনের ঋণের ফাঁদে আটকা পড়ে দুর্দশার মধ্যে আছে।"
সমীরণ দাশ জানান, প্রতিবছর শীত মৌসুমে (অক্টোবর থেকে ফেব্র"য়ারি পর্যন্ত) বৃহত্তর চট্টগ্রামের (চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা) কমপক্ষে ১০ হাজার জেলে বাগেরহাট জেলার দুবলার চরে থেকে সাগরে মাছ ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পরিষদের সভাপতি রবি চাঁদ দাশ, পরিষদ নেতা সত্যরঞ্জন দাশ, বাবুল কান্তি দাশ, সুনীল দাশ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24