২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক চাপায় দুজন নিহত, হবিগঞ্জে বাসের সংঘর্ষে আহত শতাধিক

নওগাঁ ও হবিগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ট্রাক চাপায় মারা গেছেন দুজন। হবিগঞ্জের বাহুবল উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ ও হবিগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ট্রাক চাপায় মারা গেছেন দুজন। হবিগঞ্জের বাহুবল উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক যাত্রী। আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে নিয়ামতপুরের আড্ডা মোড়ে ট্রাক চাপায় মারা গেছেন এই গ্রামের মকছেদ আলীর ছেলে নওশাদ আলী (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডান্ডীপুর গ্রামের কাউসার আলীর ছেলে আমিনুল ইসলাম (২৬)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর এবং চালককে আটক করে। নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-প-১১-৪৭৬৩) দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। হবিগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির কাছে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী যাত্রীবাহী বাসের (কুমিল্লা-ব-২১৩৮) সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী হানিফ (ঢাকা মেট্রো-ব-১৪-২৫২৭) পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় একই সময় ঢাকা থেকে মৌলভীবাজারগামী তাজ পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৯৯২) একটি বাস এসে ওই দুটি গাড়ির সঙ্গে প্রচন্ড ধাক্কা খায়। এ ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদের শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল দমকলকর্মী ও পুলিশের কয়েকটি দল উদ্ধার কাজ চালায়। এ সময় কামাইছড়া ফাঁড়ির সামনের সড়কের উভয় পাশে শত শত যান আটকা পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের যোগাযোগ প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে হবিগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে যান চলাচলও স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.