খুলনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরির দাবিতে খুলনার রাষ্ট্রায়াত্ত্ব পাটকল প্লাটিনাম জুট মিলের শ্রমিকরা সোমবার পাটকলটির প্রকল্প প্রধান মোকাদ্দেস আলীকে তার বাসায় প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
সোমবার সকাল নয়টার পর শ্রমিকরা মোকাদ্দেস আলীর বাসা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। দুপুরের দিকে তারা প্রকল্প প্রধানের বাসাসহ মিলের কয়েকটি ভবনে ভাঙচুর চালায়। পরে পুলিশের মধ্যস্ততায় রাত ৯টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে চলে যায়।
এ ঘটনায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে। মিল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা জানান, তাদের দুই সপ্তাহের বকেয়া মজুরি গত বৃহস্পতিবার পরিশোধের কথা ছিল। কিন্তু মিলের প্রকল্প প্রধান মোকাদ্দেস আলী তাদের কাছ থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময় চেয়ে নেন।
সোমবার সকালে মিলের শ্রমিকরা টাকা আনতে গেলে মিল কর্তৃপক্ষ টাকা দিতে অপরাগতা প্রকাশ করে। এতে তারা উত্তেজিত হয়ে ওঠে।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে প্রায় আড়াই হাজার শ্রমিক মিলের ভেতরে প্রকল্প প্রধানের বাসার সামনে জড়ো হয়ে বকেয়া পরিশোধের দাবিতে শ্লোগান দিতে থাকে।
সকাল পৌনে ১০টায় মিলের সিবিএ অ্যাডহক কমিটির সদস্য মতিয়ার রহমান, মুজিবর রহমান, রুহুল আমিনসহ কয়েকজন শ্রমিক প্রকল্প প্রধানের সঙ্গে দেখা করে মজুরি পরিশোধের বিষয়ে জানতে চান। প্রকল্প প্রধান তাদের বলেন, বৃহস্পতিবারের আগে টাকা দেয়া সম্ভব নয়।
শ্রমিক নেতারা প্রকল্প প্রধানের বক্তব্য শ্রমিকদের জানালে উত্তেজিত শ্রমিকরা মোকাদ্দেস আলীর বাসা লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে তারা প্রকল্প প্রধানের বাসা, মিলের গেস্ট হাউজ ও অফিসার্স ক্লাবের জানালার কাচ ভাঙচুর করে।
শ্রমিক মো. ফিরোজ, সাইদুল মৃধা, হুসাইন মো. ইমাম, আকরাম হোসেন ও সোহরাব হোসেন অভিযোগ করেন, বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে প্রকল্প প্রধান নিজে দুই রাউন্ড ও মিলের নিরাপত্তা কর্মীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শ্রমিক উত্তেজনা ও ভাঙচুরের খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ৮ প্লাটুন পুলিশ ও দুই প্লাটুন আর্মড পুলিশ মিল এলাকায় অবস্থান নেয়।
পরে পুলিশের চেষ্টায় রাত নয়টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে চলে যায়।
পুলিশের সহকারী কমিশনার (শিল্পাঞ্চল) হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে চলে যায়। মিলের উৎপাদন এখনও বন্ধ রয়েছে। অবস্থা বুঝে মঙ্গলবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে মিলের প্রকল্প প্রধান মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "দুই সপ্তাহের নয়, শ্রমিকদের এক সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।"
ফাঁকা গুলি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমার কোনো অস্ত্র নেই। গুলি ছোড়ার প্রশ্নই আসে না। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা কর্মীরাও কোনো গুলি ছোড়েনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৭ ঘ.
bdnews24