২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরেকটি অভিযোগপত্র

জামায়াত নেতা ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই মামলায় সাতকানিয়া জামায়াতের আরও ২১জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই মামলায় সাতকানিয়া জামায়াতের আরও ২১জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক শাহজাহান পাশা চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিম আবদুল্লাহ আল মামুনের কাছে এ অভিযোগপত্র দেন। এ নিয়ে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দেওয়া হল। শাহজাহান পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের গারাঙ্গিয়া এলাকার আবদুর রহিম গত বছরের ২৪ মার্চ সাতকানিয়া থানায় এ মামলাটি করেন। তিন লাখ টাকা চাঁদাবাজির এ মামলায় শাহজাহান চৌধুরী প্রধান আসামি।" তিনি জানান, মামলায় ৩৯ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযুক্ত অপর আসামিরা হলেন- উপজেলা জামায়াতের আমির ডা. নুরুল হক, শিবির ক্যাডার আবু মুছা ওরফে গালকাটা মুছা, মোয়াজ্জেম হোসেন, মো. মোখতার, মো. মুছা, নুরুল ইসলাম, মো. মহিউদ্দিন, এনামুল হক, নেজাম উদ্দিন, আবু সৈয়দ, মো. আলম, নজরুল ইসলাম, নুরুল আলম, আবদুল মান্নান ওরফে বালু মান্নান, শওকত আলী, শাহেদুল হক সিদ্দিকী, আবুল মান্নান, মো. রফিক, হামিদ, নেছার আহমেদ ও মো. নাছির। এদের মধ্যে শাহাজাহান চৌধুরী, ডা. নুরুল হক, আবু মুছা ও মো. মহিউদ্দিন বর্তমানে কারাগারে আছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ৫ সেপ্টেম্বর সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকায় বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান চৌধুরীর নির্দেশে জামায়াত নেতা নুরুল হক ও তার অপরাপর সঙ্গীরা আবদুর রহিমের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.