২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় সেফটি ট্যাংক পরিষ্কারের সময় তিনজনের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় রোববার দুপুরে নির্মাণাধীন ভবনের একটি পুরনো সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মৌলভীবাজার, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় রোববার দুপুরে নির্মাণাধীন ভবনের একটি পুরনো সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় তিনজনের মৃত্যু হয়েছে। কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদুজ্জামান বলেছেন, জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতরা হলেন- ভবনের তত্ত্বাবধায়ক আবদুস শহীদ (৫২), শ্রমিক রলি (২০) ও সুমন (২৫)। কুলাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার মাহবুব আলম জানান, বেলা পৌনে ১২ টার দিকে দক্ষিণবাজার এলাকার বাসিন্দা সেলিমুর রেজা চৌধুরীর মালিকানাধীন ভবনটির নিচে সেফটি ট্যাংক পরিষ্কার করতে প্রথমে ট্যাংকের ভিতর নামেন শ্রমিক রলি। তার কোন সাড়াশব্দ না পেয়ে তার মামাতো ভাই সুমন ট্যাংকের ভিতর নামেন। দুই জনের কোন সাড়া না পেয়ে পরে ভবনের তত্বাবধায়ক আব্দুস শহীদও ট্যাংকের ভিতরে ঢোকেন। বেশ কিছুক্ষণ পরও তারা সেফটি ট্যাংক থেকে বের না হয়ে আসায় কর্মরত নির্মাণ শ্রমিকরা চিৎকার শুরু করে। কুলাউড়া দমকল বাহিনীর ফায়ারম্যান আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সেফটি ট্যাংকের ভিতর থেকে মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছি।" কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদুজ্জামান বলেন, 'দমকল কর্মীরা নিহতদের হাসপাতালে নিয়ে এলে দেখা যায় -মৃতদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।" তিনি বলেন, সেফটি ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.