২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রধারী রাজনৈতিক ক্যাডারদের গ্রেপ্তার দাবি করেছেন গণফোরাম সভাপতি

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী তিনমাসের মধ্যে দেশের সকল অস্ত্রধারী রাজনৈতিক ক্যাডারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী তিনমাসের মধ্যে দেশের সকল অস্ত্রধারী রাজনৈতিক ক্যাডারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, "আমরা কালো টাকা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী ক্যাডারমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন চাই। সবাই ঐক্যবদ্ধ হলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব।" ড. কামাল হোসেন শনিবার বিকালে নগরীর মুসলিম হলে চট্টগ্রাম জেলা গণফোরাম আয়োজিত 'জাতীয় ঐক্যের লক্ষ্যে নাগরিক সংলাপ'-এ প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন কথা বলেন। তিনি বলেন, "আমরা নির্ভেজাল গণতন্ত্র চাই, যেখানে জনগণের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হবে। কিন্তু কালো টাকা, সন্ত্রাস জনগণকে ক্ষমতার অংশীদারিত্ব থেকে দূরে ঠেলে দিয়েছে। ভাল লোকেরা নির্বাচনে জয়ী হতে পারেন না।" জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে তিনি জনগণের প্রতি আহবান জানান। বিগত তিনটি সরকারের আমলে দলতন্ত্রের মাধ্যমে নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, "এ সরকারের আমলে নির্বাচন কমিশনকে সংস্কার করা হয়েছে। এর অধীনে সুষ্ঠু ভোটার তালিকাসহ আইডি কার্ড তৈরির কাজ চলছে।" প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এখনও পূরণ হয়নি উল্লেখ করে ড. কামাল বলেন, 'আমরা পরিবর্তন চাই। এদেশে যারা অসুস্থ, রুগ্ন রাজনীতি চালু করেছে তাদের চিহ্নিত করতে হবে। অতীতে তিনটি সরকারের আমলে গণতন্ত্র ছিল দল ও ব্যক্তিকেন্দ্রিক। এ ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের পূর্বে গণতন্ত্রের প্রতিশ্র"তি দিলেও পরবর্তীতে তারা ক্ষমতায় গিয়ে তা মানেননি। চট্টগ্রাম মহানগরী গণফোরাম সভাপতি ও সাবেক সাংসদ এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে আরও বক্তব্য রাখেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট একেএম এমদাদুল ইসলাম, শ্রমিকনেতা তপন দত্ত, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ও জানে আলম প্রমুখ। পংকজ ভট্টাচার্য বলেন, "অতীতে বড় বড় দলের নেতারা গণতন্ত্রের নামে জাতি ও জনগণের সঙ্গে বেঈমানী করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫০ ঘ.