যশোর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
তিনি বলেন, "সরকারি অনুদানের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজের পায়ে দাঁড়াতে এবং উন্নয়নের অংশীদার হিসেবে থাকতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে।"
শুক্রবার সকালে যশোর পৌর কমিউিনিটি সেন্টারে পৌর সভা আয়োজিত এক অনুষ্ঠানে উপদষ্টো আনোয়ারুল ইকবাল এ কথা বলেন।
তিনি দাবি করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলেছে। যার ধারাবাহিকতায় দেশের সর্বত্র উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ সরকার প্রতিটি শহরকে দৃষ্টিনন্দন করতে বদ্ধপরিকর।
বর্ধভূমি, কেন্দ্রীয় শহীদ মিনার, পৌর পার্ক, নিয়াজ পার্ক, ভৈরব নদ সংস্কার করে বিনোদন স্থাপনা তৈরিসহ যশোরের উন্নয়নের ক্ষেত্রে উপদেষ্টা সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
যশোর পৌর সভার চেয়ারম্যান এস এম কামরুজ্জামান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক আবুয়াল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ চৌধুরী ও যৌথবাহিনীর অধিনায়ক লে. কর্নেল তানভীর ইকবাল।
এর আগে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল যশোর পৌর পার্ক ও কালেক্টরেট চত্বরের নিয়াজ পার্ক পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24