ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরোর বাম্পার ফলনের কৃতিত্ব কৃষকদের দিয়ে এ সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'রোড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে এ রোড শো যৌথভাবে আয়োজন করেছে সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
উদ্বোধনের পর সম্মেলন কেন্দ্র থেকে 'রোড শো'র গাড়িবহর পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। এ গাড়িবহর ৫০ দিনে ৫৫টি জেলা অতিক্রম করবে।
কৃষি উপদেষ্টা বলেন, "বোরোর বাম্পার ফলনের ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। আত্মতুষ্টিতে না ভুগে এখন আমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে। কৃষিখাতে সারাবিশ্বে যে অস্থির অবস্থা চলছে, তা সহসা কাটবে না। এ জন্য দরকার সবুজ বিপ্লব।"
উপদেষ্টা আরও জানান, "কৃষি সমস্যার সমাধান পর্যাপ্ত উৎপাদনের মধ্যেই রয়েছে। আমরা আশাবাদী, খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়ে একদিন আমরা রপ্তানিও করতে পারব।"
রোড শো সম্পর্কে তিনি বলেন, "এ কারাভাঁ বিভিন্ন জেলায় ঘুরে কৃষকদেরকে উৎসাহিত করবে। পাশাপাশি পর্যটন শিল্প উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।"
সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়া, খাদ্য সমস্যার সমাধান, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে এ 'রোড শো' আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক।
তিনি বলেন, "দেশের বিভিন্ন খাতের সম্ভাবনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আমাদের এ কর্মসূচি।"
আনোয়ার ফারুক জানান, আগামী ৫০ দিনে এ গাড়িবহর দেশের ৫৫টি জেলা অতিক্রম করবে। এর মধ্যে ২৫টি জেলা শহরে গাড়ি থামবে এবং সেখানে মেলা আয়োজন করা হবে। মেলায় রোড শো'র পাঁচটি বিষয়ের ওপর তথ্য নিয়ে পাঁচটি গাড়ি সাজানো থাকবে। গাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিওচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
এছাড়া জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন শহরের স্কুল-কলেজে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
'রোড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, ইসি, দুর্নীতি দমন কমিশন, পর্যটন কর্পোরেশন ও বিটিআরসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া থেকে টেকনাফ হয়ে এ গাড়িবহর ১৪ জুলাই আবার ঢাকায় ফিরবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৪৩১ ঘ.
bdnews24