ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে বৃহস্পতিবার ভোরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. মানিক খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, মানিক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও নবী গ্র"পের সদস্য।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার ভোররাতে আদাবর থানা এলাকার ১৪ নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় ১৪ নম্বর সড়কের মাথায় কয়েকজন সন্দেহাভাজন যুবককে চ্যালেঞ্জ করলে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলি চালার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সকালে মানিকের মামা মো. শাহজাহান হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন।
শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকের সঙ্গে পরিবারের সদস্যদের দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই।
ঘটনাস্থল থেকে র্যাব দুটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মানিকের বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এদিকে আদাবর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় র্যাব-২ শিয়া মসজিদ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক একরামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারে মানিকের নাম থাকলেও তার বাবার নাম বা ঠিকানা উল্লেখ করা হয়নি। এ কারণে তার বিরুদ্ধে এ থানায় কোনো মামলা আছে কি না তা বোঝা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/জেকে/২১০৭ ঘ.
bdnews24