ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। আগামী ৩ জুন এই মামলায় আবার সাক্ষ্য নেওয়া শুরু হবে।
সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম মামলার তারিখ নির্ধারণ করেন।
বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য দেন মামলার এজাহার রেকর্ডকারী পুলিশ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক আবদুল হালিম। আবদুল হালিমের আংশিক জেরা শেষ হয়েছে এদিন।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে মামলার আসামি শেখ হাসিনা ও সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।
এতে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
এতে আরও অভিযোগ করা হয়, নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিম্ন দরদাতা হলেও তাদের না দিয়ে আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয় ।
মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন।
১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকায় একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24