ফরিদপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধুখালী উপজেলায় বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী প্রধান অতিথি হিসেবে শহীদ আব্দুর রউফের নিজ গ্রাম কামারখালী ইউনিয়নের রউফ নগরে (সালামতপুর) এ গ্রন্থাগার ও জাদুঘরের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মীর শওকত আলী বলেন, "দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে শহীদ রউফ ইতিহাসে অমর হয়ে আছেন। আগামী প্রজন্ম এ স্মৃতি জাদুঘর থেকে সঠিক তথ্য জেনে ইতিহাস সচেতন হবে। দেশকে ভালবাসতে শিখবে।"
ফরিদপুরের জেলা প্রশাসক মো. ইয়াহ-ইয়া ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব নজিবর রহমান, বিডিআর-এর খুলনা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল একেএম ওয়াহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার কুসুম দেওয়ান, মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, নূর মো. বাবুল, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের ভাই মুন্সী আইয়ুব আলী প্রমুখ।
এর আগে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন করেন।
প্রধান অতিথি গ্রন্থাগার ও জাদুঘর ছাড়াও তিন দিন ব্যাপী বই মেলা ও মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী উদ্বোধন করেন।
১৯৭১ সালের ৮ এপ্রিল রাঙামাটির বুড়িরহাটে দখলদার পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন রউফ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৪১ঘ.
bdnews24