নোয়াখালী, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ভোটার তালিকার কাজে নিয়োজিত কর্মীবাহী একটি গাড়ি মঙ্গলবার দুর্ঘটনায় পড়ে এক জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলায় ভূঁইয়ার দিঘী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) খন্দকার লুৎফুল কবীর।
তিনি সাংবাদিকদের জানান, ভোটার তালিকার কাজে ব্যবহৃত একটি জিপের সঙ্গে রাস্তার পাশের গাছের ধাক্কা লাগলে ল্যাপটপ অপারেটর সখিনা ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত হয় চার সেনা সদস্য ও তিন পুলিশ কনস্টেবলসহ ১৭ জন।
আহতদের মধ্যে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোস্তাফিজ (২৮), বিদ্যুৎ (২২), সেনা সদস্য রাশেদুল ইসলাম (২৮) ও বেলাল (৩৪), পুলিশ কনস্টেবল মৃণাল ও প্রিতম এবং ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে নিয়োজিত ল্যাপটপ অপারেটর আশরাফ (২৫), ইসমাইল (২০), ফখরুল ইসলাম (২০), হুমায়ুন কবির (২২), সালেহ রহিম (২২), রোমানা আক্তার (১৮), আবু বকর সিদ্দিক (২০), সালাউদ্দিন (২০), রাশেদুল আলম ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (১৮) নোয়াখালী সদর হাসপাতাল এবং সেনবাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত পুলিশ কনস্টেবল আবদুস সালামকে পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
খন্দকার শহীদুল ইসলাম বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ 'অপারেশন নবযাত্রা'য় অংশ নেওয়া সেনাবাহিনীর জিপটি সেনবাগ ডাকবাংলা থেকে ল্যাপটপ অপারেটরদের নিয়ে মোহাম্মদপুর ইউনিয়নে ভোটার নিবন্ধন কেন্দ্রে যাচ্ছিল। পথে ভূঁইয়ার দিঘী এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩২৩ ঘ.
bdnews24