ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে সোমবার ভোরে র্যাবের গুলিতে শফিক মোল্লা (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
র্যাব তাকে স্থানীয় শাহীন গ্র"পের সন্ত্রাসী বলে দাবি করলেও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, শফিক পেশায় ট্যাক্সিক্যাব চালক ছিলেন।
র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট মোস্তফা হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর চারটার দিকে পূর্বনামা জিয়া সরণী ব্রীজের কাছে একটি বাতিতে র্যাবের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী দল শাহীন গ্র"পের গুলিবিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা। পরে শ্যামপুর থানা পুলিশ ওই যুবককে মিডফোর্ড হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।
শ্যামপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, নিহত যুবকের নাম শফিক মোল্লা। পূর্বনামা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল তল্লাশী করে একটি রিভলবার, তিনটি পিস্তলের গুলির খোসা ও ছয়টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-১০ এর উপ-সহকারি পরিচালক শহীদুল হক শ্যামপুর থানায় একটি মামলা করেছেন।
এদিকে নিহতের ছোটভাই বিল্লাল জানান, তাদের বাড়ি ঢাকার শ্যামপুরের রসুলবাগ এলাকায়। তিনদিন আগে বাবার সঙ্গে রাগ করে শফিক বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।
বিল্লাল দাবি করেন, শফিক ট্যাক্সিক্যাব চালাতেন। সে কোনো সন্ত্রাসী দলের সদস্য না। তার বিরুদ্ধে কোন মামলাও নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩১০ ঘ.
bdnews24