গাজীপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের ওপর হামলা ও শটগান ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হাবিব ওরফে আরিফ (২৫) সোমবার ভোরে পুলিশের 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, হাবিবকে নিয়ে কোনাবাড়ির আমবাগ এলাকায়র লালঘাটে অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধের সময় 'ক্রসফায়ারে' পড়ে তিনি নিহত হন।
হাবিব টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মানাজি এলাকার সরাফত আলীর ছেলে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন জানান, পুলিশ হাবিবকে নিয়ে কোনাবাড়ির আমবাগ এলাকার লালঘাটে অস্ত্র উদ্ধারে যায়। সেখানে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে 'ক্রসফায়ারে' পড়ে হাবিব ঘটনাস্থলে নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার রাতে কোনাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে দুর্র্বৃত্তরা দুই পুলিশকে গুরুতর জখম করে ৫টি গুলিসহ শটগান ছিনিয়ে নেয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পর মিরপুর থেকে আবু জাফরকে (৪০), কাশিমপুরের এনায়েতপুর থেকে মনির (২৮) ও হাবিব ওরফে আরিফকে (২৫) গ্রেপ্তার এবং খোয়া যাওয়া শটগান উদ্ধার করে পুলিশ। তবে শটগানের গুলি এখনও উদ্ধার হয়নি।
তিনি আরও জানান, হাবিব আগে কোনাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। ইদানিং ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন তিনি। এর আগে তিনি চারবার পুলিশের হাতে ধরা পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24