চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সেনানিবাসের কাছে ও পাহাড়তলী এলাকায় পৃথক দুর্ঘটনায় রোববার সকালে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫) ও মো. রাজু (২৫)।
বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জালাল সাংবাদিকদের জানান, নগরীর সেনানিবাস সংলগ্ন এলাকায় রোববার সকাল ১০ টার দিকে পাহাড় থেকে পড়ে শহিদুল নামে এক দিনমজুর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত শহিদুলের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার বাবার নাম আব্দুল লতিফ।
এ ব্যাপারে বায়েজিদ থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
অপর দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে। জাসমির অয়েল মিল নামে একটি কারখানায় কাজ করার সময় রাজু, কামাল উদ্দিন ও মিজানুর রহমান নামে তিন জন ওয়েল্ডিং মিস্ত্রি আহত হন। এদের চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান রাজু মারা গেছেন।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহুরুল হক জানান, মৃত রাজু বাগেরহাট জেলার শীতলমারি এলাকার হানিফ খানের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24