২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এগারোটি চেয়ার, একটি অন্যরকম

কাঠগড়ায় ১১ আসামির জন্য রাখা হয়েছে ১১টি চেয়ার, এর মধ্যে একটি রঙ-নকশা-আকার আলাদা। এজলাসের পাশে অস্থায়ী হাজত খানার কক্ষের মেঝে মুড়ে দেওয়া হয়েছে সবুজ কার্পেটে। রাখা হয়েছে ড্রেসিং টেবিলও। গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার প্রথমবারের মতো হাজির করা হচ্ছে কাঠগড়ায়। তাই বিশেষ জজ আদালত-৯ এ একটু ভিন্নরকম সাজ। লিখেছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঠগড়ায় ১১ আসামির জন্য রাখা হয়েছে ১১টি চেয়ার, এর মধ্যে একটি রঙ-নকশা-আকার আলাদা। এজলাসের পাশে অস্থায়ী হাজত খানার কক্ষের মেঝে মুড়ে দেওয়া হয়েছে সবুজ কার্পেটে। রাখা হয়েছে ড্রেসিং টেবিলও। গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার প্রথমবারের মতো হাজির করা হচ্ছে কাঠগড়ায়। তাই বিশেষ জজ আদালত-৯ এ একটু ভিন্নরকম সাজ। লিখেছেন প্রদীপ চৌধুরী। রোববার সংসদ ভবন এলাকায় এ আদালতে গিয়ে দেখা যায়, কাঠগড়াটির আয়তন কয়েকগুণ বাড়ানো হয়েছে। দুই/তিন জনের কাঠগড়ার আয়তন বাড়িয়ে ১১ জনের উপযোগী করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ১১টি চেয়ার। এর মধ্যে দশটি চেয়ার একই রকম, চকলেট রঙের। বাকি চেয়ারটি ভিন্নরকম। একটু বড়, নকশা আলাদা ক্রিম রঙে সফেদ। এই আদালতের অস্থায়ী হাজতখানাও সাজানো হয়েছে নতুন করে। মাঝারি আকারের একটি কক্ষের পুরো মেঝে সবুজ কালারের কার্পেটে মুড়ে দেওয়া হয়েছে। পাঁচজন বসা যাবে এমন নতুন সোফা সেট আনা হয়েছে। এই কক্ষে রাখা হয়েছে একটি ড্রেসিং টেবিলও। আদালতের এজলাসে আইনজীবী, সাংবাদিকসহ অন্যদের সবার জন্য আসন সংখ্যাও বাড়ানো হয়েছে। গ্রেপ্তারের প্রায় ৮ মাস পর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সোমবার এ আদালতে হাজির করার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।" উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়াকে সোমবার সকালে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতে হাজির হওয়ার মতো তিনি সুস্থ আছেন।" ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ আসামি ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেয়। এতে সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলার এজাহারে খালেদা জিয়াসহ ৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও ৬ জনসহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ পত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সি এম ইউসুফ হোসাইন ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। বাকি ৮ জন কারাগারে রয়েছেন। গতবছর ৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করার হয়েছিল। এরপর খালেদাকে আর কখনো আদালতে আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০১৪ ঘ.