ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলো ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরতে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৯১৪ ঘ.
bdnews24