জয়পুরহাট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে হত্যা মামলায় ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিকেলে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
১৯৯৭ সালে সদর উপজেলার চকদাদরা গ্রামের রমজান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের জয়নাল আবেদীন, আব্দুল হাকিম, হযরত আলী, আবু কালাম, বকুল, আবু বক্কর, দেলোয়ার হোসেন, গোলজার হোসেন, আব্দুল মান্নান, আলম হোসেন, কাসেম, আনছার আলী, শফিকুল ইসলাম, অমুল্য, আফজাল হোসেন, দাদরা জন্দি গ্রামের মোমিনুল ওরফে মিমি, মাসুদ সরদার ও বম্বু গ্রামের দুদু মিয়া।
ওই বছর ২ অক্টোবর সকালে একটি খাস পুকুর নিয়ে বিরোধের জের ধরে রমজান আলীকে তার বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
ওইদিন বিকেলে নিহতের ভাগ্নে আজিজুল ইসলাম এই আঠারো জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) আব্দুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন- আবু ইউসুফ মো. খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও তৈয়ব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24