২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সাংবাদিক পেটানোর ঘটনায় দুই কারারক্ষী সাময়িক বরাখাস্ত

ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলের ওপর হামলার ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেল সুপার মো. ছগীর মিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

টাঙ্গাইল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলের ওপর হামলার ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেল সুপার মো. ছগীর মিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেল সুপার ছগীর মিয়া জানান, ঘটনা তদন্তে শনিবার রাতেই ডিআইজি (প্রিজন) মেজর শামসুল হাযদার ছিদ্দিকী তাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটির অপর সদস্যরা হলেন- ডেপুটি জেলার মাসুদ পারভেজ ও হাবিলদার খলিলুর রহমান। কমিটি রোববার সকাল থেকে কাজ শুরু করেছে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারারক্ষী জহিরুল ইসলাম ও আল আমীনকে সাময়িক বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে যথাক্রমে গোপালগঞ্জ ও ফরিদপুরে বদলি করা হয়েছে। কারাগারের অনিয়ম দুর্নীতি ও দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শনিবার দুপুরে ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল কারারক্ষীদের বেদম প্রহারে গুরুতর আহত হন। দুপুর ১টার দিকে জেলা কারাগারের সামনে দর্শনার্থীদের সঙ্গে কারাক্ষীদের দুর্ব্যবহারের দৃশ্য ক্যামেরায় ধারণ করে তিনি ঘটনাটি ফোনে জেলার মো. নজরুল ইসলামকে জানান। কিছুক্ষণ পর ১২/১৫ জন পোশাধারী ও সাদা পোশাকের কারারক্ষী এসে তাকে বেদম মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। তারা তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় সেখানকার সাংবাদিকরা প্রতিবাদ সভা করে জেলারসহ দোষী কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২২ ঘ.