ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে একটি স্মৃতি কমপ্লেক্সের কাজ শিগগিরই শুরু করার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
নজরুলের ১০৯তম জন্মবার্ষিকীতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দেওয়ার পর এক আলোচনা সভায় উপদেষ্টা এ আশ্বাস দেন।
তিনি বলেন, "কবির সমাধির পাশে একটি কমপ্লেক্স নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আশা করছি, কবির আগামী জন্মদিন সে কমপ্লেক্সেই যথাযোগ্য মর্যদায় পালন করা যাবে।"
হোসেন জিল্লুর জানান, নজরুলের প্রকাশিত সব সৃষ্টি নিয়ে আগামী আগস্ট মাসে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, "কবিকে যথাযোগ্য মর্যাদার আসনে ভূষিত করতে সরকার কখনও দ্বিধা করেনি, করবেও না।"
জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে শামিল ছিলেন কবি পরিবারের সদস্যরাও।
সকাল ৭টায় কবির সমাধিতে ফুল দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাড়ে ৭টায় ফুল দেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান। এরপর কবি পরিবারের পক্ষে ফুল দেন কবির নাতিনী খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
বিভিন্ন সংগঠনের ফুল দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির স্মরণে তার সমাধির পাশেই এক আলোচনা সভার আয়োজন করে। নজরুলের ভক্তিমুলক গান দিয়ে শুরু হয় সে অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক এসএমএ ফায়েজ, অধ্যাপক আখতার কামাল খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম।
অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, "ভ্রাতৃত্ব ও সাম্যের কবি নজরুল সবসময়ই আমাদের সব প্রেরণার উৎস। তার সব স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় পরিবার বরাবরই আন্তরিক। কবি নজরুলের সমাধির পাশে কমপ্লেক্স নির্মাণ করা হলে এর জাদুঘর সুসজ্জিত করার কাজে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে অংশ নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৩০৭ ঘ.
bdnews24