চাঁপাইনবাবগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শনিবার বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় মারা গেছেন দুই ভাই। আহত হয়েছেন তাদের বাবা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মারা গেছেন দুজন।
গোদাগাড়ি উপজেলার বিলচড়ি বিলে সকালে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন আজিজুর রহমান (২২) ও আব্দুর রহমান বাবু (১৯)। আহত হয়েছেন তাদের বাবা মো. ইউসুফ। তাদের বাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. তাজউদ্দিন জানান, সকাল ১১টার দিকে মো. ইউসুফ তার দুই ছেলেকে নিয়ে বিলচড়ি বিলে তাদের নিজেদের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত আজিজুর ও বাবুকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তারা মারা গেছেন। ইউসুফকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে নিহতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খড়বোনা গ্রামের মোবারক হোসেন (৩৫) এবং গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের জশল গ্রামের ফরহাদ (১৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাঠে কাজ করার সময় দুপুর দেড়টার দিকে জশল এলাকায় মারা যান ফরহাদ এবং গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার বহিপাড়ায় মারা যান মোবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24