ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃক্ষ নিধন ও বন উজাড়ের অপতৎপরতা বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, প্রশাসন বা সেবা প্রতিষ্ঠান কোথাও রক্ষকের দায়িত্বে নিয়োজিত কাউকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে দেয়া হবে না।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ২০০৮ উদ্বোধন এবং বৃক্ষরোপণে প্রধান উপদেষ্টার জাতীয় পুরস্কার ২০০৭ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদের চাহিদা মেটাতে দেশের মোট আয়তনের ২৫ ভাগ বন থাকা আবশ্যক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের দেশে বন অনেক কম। ফলে প্রাকৃতিক ভারসাম্য ক্ষুন্ন হচ্ছে। এইসব বিপর্যয়রোধে ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রধান হাতিয়ার হবে যত বেশি সম্ভব বৃক্ষরোপণ।"
বনায়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "দেশে মোট বনভূমির পরিমাণ প্রায় ২ দশমিক ৫২ মিলিয়ন হেক্টর। ২০১৫ সালের মধ্যে দেশে এই পরিমাণ ২০ ভাগে উন্নীত করতে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। গত ৫ বছরে সরকারি অর্থে প্রায় ৮৪ হাজার হেক্টর 'ব−ক বাগান' এবং প্রায় ১৬ হাজার ২শ' কিলোমিটার 'স্ট্রিপ বাগান' সৃষ্টি করা হয়েছে।"
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে 'বাংলাদেশ সবুজায়ন' কর্মসূচি নেয়া হয়েছে। এই কর্মপরিকল্পনার আওতায় চলতি বছর বিভিন্ন প্রজাতির ৮ থেকে ১০ কোটি ফলজ ও ঔষধি চারা রোপণ করা হবে। এ বছর বৃক্ষরোপণের জন্য সরকারি, এনজিও ও ব্যক্তিমালিকানাধীন নার্সারিতে প্রায় ১৮ কোটি চারা বিক্রির জন্য মজুদ আছে।"
'বৃক্ষরোপণ করবে হ্রাস, ঝড়-ঝঞ্ঝা জলোচ্ছ্বাস'- চলতি বছরের বৃক্ষরোপণ আন্দোলনের এই প্রতিপাদ্যকে যর্থার্থ অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, "প্রকৃতি সৃষ্ট দুর্যোগ আমরা প্রাকৃতিকভাবেই মোকাবেলা করার ওপর জোর দিচ্ছি। আমি আশা করি, দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী প্রতিরোধক হিসেবে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃক্ষ বেষ্টনী গড়ে তুলতে সবাই এগিয়ে আসবেন।"
বৃক্ষ নিধন ও বন উজাড়ের অপতৎপরতা শক্ত হাতে দমন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন, "বন প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি রোধে 'জিরো টলারেন্স' নিশ্চিত করা হয়েছে। কারণ আমরা মনে করি, যারা গাছের শত্র", তারা প্রকৃতির শত্র", মানুষের শত্র"। আমরা প্রশাসন বা সেবা প্রতিষ্ঠান- কোথাও রক্ষকের দায়িত্বে নিয়োজিত কাউকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে দিতে পারি না।"
প্রত্যেককে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা লাগানোর আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "আমাদের বাড়ির ও অফিসের আঙ্গিনা, ছাদ এমনকি বারান্দায় গাছ লাগাতে হবে। রাস্তার ধার, পুকুরপাড়, শিক্ষাঙ্গন, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, চরাঞ্চল, খাসজমি কোনো জায়গাই খালি রাখা উচিত হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/এমএ/১৮০০ঘ.
bdnews24