চাঁপাইনবাবগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো ধান কাটার সময় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিলচড়ি বিলে শনিবার সকালে বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আজিজুর রহমান (২২) ও আব্দুর রহমান বাবু (১৯)। বজ্রপাতে তাদের বাবা মো. ইউসুফও আহত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. তাজউদ্দিন জানান, সকাল ১১টার দিকে মো. ইউসুফ তার দুই ছেলেকে নিয়ে বিলচড়ি বিলে তাদের নিজেদের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত আজিজুর ও বাবুকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তারা মারা গেছেন। ইউসুফকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিুিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24