২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার মূলজানে ঢাকা আরিচা মহাসড়কে শনিবার ঢাকাগামী সিএনজি চালিত একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে একই পরিবারের দুই জনসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

মানিকগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলার মূলজানে ঢাকা আরিচা মহাসড়কে শনিবার ঢাকাগামী সিএনজি চালিত একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে একই পরিবারের দুই জনসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি খাদে পড়ে যাওয়ার সময় একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হলে তিনজনের পুরো শরীর পুড়ে যায়। নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাড়াদিয়া গ্রামের রফিকের স্ত্রী রেশমা (৩০) ও তার আপন বোন একই গ্রামের জয়নালের স্ত্রী রিমা বেগম (২৭), মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মচারী যতীন্দ্রমোহন রায়ের স্ত্রী মঞ্জু রাণী রায় (৩৬) ও রাজবাড়ী জেলার পানসা উপজেলার ইসমাইল (৪০)। অগ্নিদগ্ধরা হলেন- শিবালয় উপজেলার পুকুরিয়া গ্রামের তপু (২৮), তারাইল গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) ও ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মো. মালেক শিকদার (৩২)। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, "পাটুরিয়া থেকে ঢাকাগামী সিএনজি চালিত একটি বাস সকাল সাড়ে ১১ টার দিকে মূলজান এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় বাসটির পেছনের দিকের একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যায়। আহত হয়েছে ২০ জন।" তিনি বলেন, বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেলে সামনের দিকে বসে থাকা চার যাত্রী মারা যায় এবং সিলিন্ডার বিষ্ফোরিত হওয়ায় পেছনের দিকে বসা তিন যাত্রী অগ্নিদগ্ধ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১৩৪৫ ঘ.