ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারীতে শুক্রবার আশিকুর রহমান খান (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলিতে আহত হয়েছেন আশিকের দুই ভাই আতিকুর রহমান খান (৩৫) ও আরিফুর রহমান (২৫)।
এলোপাতাড়ি গুলি চলার সময় রবিন (২২) নামে আরেক যুবক গুলিবিদ্ধ হন। আহত আরিফের দাবি, রবিনই সন্ত্রাসী দলটির নেতৃত্ব দিচ্ছিল। চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়।
আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রাপুর থানার দায়িত্বরত উপ পরিদর্শক নাজমুল আলম চৌধুরী জানান, আশিক, আতিক ও আরিফ সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওয়ারীতে নিজেদের বাসার সামনে বসেছিলেন। এসময় ৫/৬ জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে তিন ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে মেজ ভাই আশিকের ঘাড়ের পেছনে গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
বুক ও ডান পায়ে গুলিবিদ্ধ বড় ভাই আতিক এবং পেট ও পাঁজরে গুলিবিদ্ধ ছোট ভাই আরিফ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ রবিনকেও একই হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে কথিত 'ঝলক' গ্র"পের নেতা রবিন তাদের তিনভাইয়ের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না হলে তিনজনকেই হত্যার হুমকি দেয় সে। এরপর শুক্রবার সন্ধ্যায় রবিনসহ ৫/৬ জন সন্ত্রাসী বাসার সামনে তাদের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালানোর সময় কোনো এক সহযোগীর গুলিতে রবিন আহত হয় বলে দাবি করেন তিনি।
রবিন কীভাবে গুলিবিদ্ধ হলো সে বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। তবে হাসপাতালে রবিনের সঙ্গে থাকা লোকজন দাবি করেছে, সন্ত্রাসীরা যখন তিন ভাইয়ের ওপর গুলি চালায় রবিন তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে সেও গুলিবিদ্ধ হয়। রবিন হামলায় অংশ নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24