২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সার্জেন্টের হয়রানির প্রতিবাদে নীলফামারীতে বাস শ্রমিকদের ধর্মঘট

এক ট্রাফিক সার্জেন্টের মাসোহারা দাবি ও হয়রানির প্রতিবাদে শুক্রবার আন্তজেলা বাস শ্রমিকরা ধর্মঘট করেছে। এর ফলে জেলার সবকটি রুটে সকাল থেকে ৬ ঘণ্টা কোনো বাস চলাচল করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

নীলফামারী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ট্রাফিক সার্জেন্টের মাসোহারা দাবি ও হয়রানির প্রতিবাদে শুক্রবার আন্তজেলা বাস শ্রমিকরা ধর্মঘট করেছে। এর ফলে জেলার সবকটি রুটে সকাল থেকে ৬ ঘণ্টা কোনো বাস চলাচল করেনি। বিকেলে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং আটক চালককে ছেড়ে দেওয়ার পর আবার বাস চলাচল স্বাভাবিক হয়। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম মজনু অভিযোগ করেন, গত তিন মাস ধরে ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলাম বাস-মিনিবাস চালকদের কাছে গাড়ি প্রতি মাসিক ২শ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তিনি গাড়ি চালকদের নানাভাবে হয়রানি করছেন।" তিনি জানান, সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে সার্জেন্ট তারিকুল ইসলাম আন্তজেলা রুটের সৈয়দপুর থেকে ডোমারগামী নিশি এন্টারপ্রাইজের একটি বাস আটক করে এবং চালক নেজাম উদ্দিনকে (৪০) গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যেতে বলেন। এখানে কথাকাটাকাটির সময় সার্জেন্ট তারিকুল ওই চালককে মাসোহারার কথা বলেন। এক পর্যায়ে নেজামের পকেটে থাকা লাইসেন্স জোর করে বের করতে চাইলে পেছনে আটকে থাকা অন্যান্য গাড়ির লোকজন বাধা দেয়। এ সময় ওখানে উপস্থিত সৈয়দপুর থেকে ডোমারগামী ই-এ এন্টারপ্রাইজের চালক অরুন রায়কে (৪০) সার্জেন্ট থানায় নিয়ে যান। এ ঘটনা জেলার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়লে ৮টি আন্তজেলা রুটে ৫২টি বাস-মিনিবাসের মালিকরা ধর্মঘটের ডাক দেয়। বিকেল ৫টা পর্যন্ত জেলায় কোনো বাস-মিনিবাস চলাচল করেনি। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য সার্জেন্ট তারিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিষয়টি মীমাংসার জন্য বিকেলে পুলিশ সুপার আব্দুল কুদ্দুস জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন। নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাদাৎ হোসেন বলেন, "ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের আশ্বাস দিয়েছেন।" এছাড়া গ্রেপ্তারকৃত চালক অরুন রায়কে নীলফামারী বাস মালিক সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.