২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৃহত্তর রংপুরের সাড়ে পাঁচ লাখ পরিবার মঙ্গা কবলিত'

বৃহত্তর রংপুর অঞ্চলের ৫টি জেলায় সাড়ে ৫ লাখ পরিবার মঙ্গা কবলিত। এর মধ্যে এক লাখ ২৬ হাজার পরিবারের এক বেলা খাবার জোগাড় করার মতও সামর্থ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

রংপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর রংপুর অঞ্চলের ৫টি জেলায় সাড়ে ৫ লাখ পরিবার মঙ্গা কবলিত। এর মধ্যে এক লাখ ২৬ হাজার পরিবারের এক বেলা খাবার জোগাড় করার মতও সামর্থ নেই। এই বিপুল সংখ্যক সহায় সম্বলহীন পরিবারকে বাঁচাতে কর্মসংস্থান ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। রংপুরে বেসরকারি সংস্থা (এনজিও) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত 'মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) ২০০৮' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিন শুক্রবার এ কথা জানানো হয়। কর্মশালায় বলা হয়, পিকেএসএফ চলতি বছরে বৃহত্তর রংপুর অঞ্চলের ৩৫টি উপজেলায় মঙ্গাক্রান্তদের নিয়ে সংযোগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ঋণ, বিভিন্ন খামার ও অন্যান্য আয় বর্ধনমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার মধ্য দিয়ে মঙ্গা কবলিত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। কর্মশালায় আরও বলা হয়, ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত এক লাখ ৮৩ হাজার পরিবারকে সংঘবদ্ধ করা হয়েছে। এদের মধ্যে ৪০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ এবং দুই কোটি টাকার আপদকালীন ঋণ বিতরণ করা হয়েছে। একই সময়ে প্রায় ২০ হাজার সুফলভোগীকে কৃষিভিত্তিক এবং ২৭ হাজার সুফল ভোগীকে পোল্ট্রি ও পশুপালনের কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে । শহরের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যাবস্থাপনা পরিচালক কাজী মেজবাহ উদ্দিন। এতে বক্তব্য রাখেন- সংস্থার উপ-মহাব্যাবস্থাপক ড. জসীম উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সংযোগ প্রকল্প বাস্তবায়নকারী ১১টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও সহযোগী সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তারা মঙ্গা নিরসনে নানা ধরনের প্রস্তাব উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.