ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'যুক্তিসঙ্গত' সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে করা রিটের ওপর হাইকোর্ট বৃহস্পতিবার রায় দেবে।
বুধবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১৯ নম্বর ক্রমিকে রিটটি বৃহস্পতিবার রায় প্রদানের জন্য অন্তর্ভূক্ত হয়েছে।
৭ মে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা এ জনস্বার্থ রিটের ওপর শুনানি গ্রহণ শেষ করেছিল হাইকোর্টের এই বেঞ্চ।
জাতীয় সংসদ নির্বাচন কবে করতে পারবে তা সুনির্দিষ্টভাবে জানানোর জন্য ৩০ এপ্রিল হাইকোর্ট নির্বাচন কমিশনকে মৌখিক নির্দেশ দিয়েছিল।
৬ মে নির্বাচন কমিশন এর জবাব দিয়ে বলেছিল, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অক্টোবরে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হবে।
২৭ জানুয়ারি ব্যারিস্টার সোবহানের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল।
পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভুত ঘোষণা করা হবেনা প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে আদালত তারও কারণ জানতে চেয়েছিল।
২৪ জানুয়ারি ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫২৮ ঘ.
bdnews24