ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর এক ট্রাভেল এজেন্সি মালিককে টাস্কফোর্স সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
টাস্কফোর্স সদস্য মেজর হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মঙ্গলবার ৬টার দিকে জ্যাবরিক ট্রাভেলসের মালিক রমজান আলীকে তার কাঁটাবন এলাকার অফিস থেকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।"
হাবিবুর রহমান জানান, রমজান আলী গত বছর হজের সময় ৫৫ জনের কাছ থেকে টাকা নিয়ে হজে পাঠাননি বলে অভিযোগ আছে। প্রতারণার অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।
মেজর হাবিব বলেন, "তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/এসকে/১৯৫৯ঘ.
bdnews24