২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর শেখ হাসিনার পিএস মোক্তাদির কারাগারে

আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব (পিএস) উবায়দুল মোক্তাদির চৌধুরীকে। তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালতেও পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব (পিএস) উবায়দুল মোক্তাদির চৌধুরীকে। তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালতেও পাঠানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন মোক্তাদির চৌধুরী। একই মামলার আসামি তার স্ত্রীও সঙ্গে ছিলেন। আদালতে তাদের পক্ষে জামিনের আবেদন জানানো হলে মোক্তাদিরের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. আজিজুল হক। তবে মানবিক বিবেচনায় স্ত্রী অধ্যাপিকা ফাহিমা খাতুনকে জামিন দিয়েছে আদালত। কারাগারে উবায়দুল মোক্তাদির চৌধুরীকে ডিভিশন দিতে আইনজীবীরা আদালতের নির্দেশ চাইলে বিচারক এক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর বিচারক মামলাটি বিচারের জন্য সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত-৭ এ বদলি করেন। এ মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত। আয়ের সঙ্গে সঙ্গতিহীন ১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকার সম্পদ অর্জন ও কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৭৩ লাখ ৫৮ হাজার ৬১৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ গত বছরের ৪ নভেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অবৈধ সম্পদ অর্জনে মোক্তাদিরকে সহায়তার অভিযোগ আনা হয় তার স্ত্রীর বিরুদ্ধে। গত ১৮ মে এ দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম সিদ্দিকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমআই/১৯০৩ ঘ.