ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-২০০৯ অর্থবছরে সাড়ে ছয় লাখ টন সার আমদানি করবে সরকার। চাহিদার বাকি সার দেশেই উৎপাদন হবে।
মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ওই বৈঠক শেষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আগামী অর্থবছরে সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২৮ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে দেশের বিভিন্ন কারখানায় উৎপন্ন হবে ১৭ লাখ টন, কাফকো থেকে পাওয়া যাবে পাঁচ লাখ টন। বাকি সাড়ে ৬ লাখ টন সার আমদানি করা হবে।"
সৌদী আরব, কাতার ও সংযুক্ত আরব আমীরাত থেকে পর্যায়ক্রমে এ সার কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, "সার কেনার সময় সংশ্লিষ্ট দেশের স্থানীয় বাজার মূল্যের হিসেবে দাম পরিশোধ করা হবে। এজন্য দেশগুলোর সঙ্গে সরকার চুক্তি করবে।"
মির্জ্জা আজিজুল বলেন, "দেশব্যাপী সার সঙ্কট থাকায় প্রতিবছর আমদানি করতে হচ্ছে। সঙ্কটের কারণে দামও বেড়ে যায়। দাম বৃদ্ধির কারণে গতবছর চাহিদামাফিক দরপত্র অনুমোদন দিয়েও সার পাওয়া যায়নি।"
অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য উপদেষ্টা এম এম শওকত আলী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি/ইএইচবি/এসএনডি/এমএ/১৮০০ ঘ.
bdnews24