খুলনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কারাবন্দী মেয়র শেখ তৈয়েবুর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক চিত্তরঞ্জন পাল শনিবার খুলনা মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালতে এ অভিযোগপত্র দেন।
চিত্তরঞ্জন পাল জানান, মামলার এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে ১১ জন এবং অতিরিক্ত আরও ছয় জনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযুক্ত আসামিরা হলেন- মেয়র শেখ তৈয়েবুর রহমান, তৎকালীন এস্টেট অফিসার আব্দুল আহাদ, মেয়রের ব্যক্তিগত সহকারীদের একজন (পিএ-২) খান ইশারাত আলী, মেয়রের ভাগ্নে কাজী শওকত হোসেন ঠান্ডু, বিএনপি নেতা নুরুজ্জমান খোকন, তার ছেলে মো. খায়রুজ্জামান সজীব, সান্ধ্য বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহ সরদার, ইদ্রিস আলী, মো. নাজির হাওলাদার, শহীদুল ইসলাম ভূইয়া, মো. এস্কেন্দার আলী শেখ।
এজাহারের বাইরে থাকা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- সান্ধ্য বাজারের ব্যবসায়ী মুরাদ হোসেন কালু, মুরগী বাবুল, শাহ জাহান, হান্নান, ভুলু শেখ ও লিটন শেখ।
তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে কেসিসির চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, সান্ধ্য বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, বাচ্চু হাওলাদার ও মো. শাহ আলম হাওলাদারকে।
অভিযুক্তদের মধ্যে মেয়র শেখ তৈয়েবুর রহমান, ব্যবসায়ী শহীদুল্লাহ সরদার, ইদ্রিস আলী, শহীদুল ইসলাম ভূইয়া, মুরাদ হোসেন কালু, মুরগী বাবুল, ভুলু শেখ ও লিটন শেখ বর্তমানে জেলহাজতে আছেন।
খুলনা মহানগর সান্ধ্য বাজারের ব্যবসায়ী মো. কুদ্দুস মিয়া গত বছরের ২৩ নভেম্বর মেয়র তৈয়েবুর রহমান সহ ১৫ জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
এর আগে মেয়রের বিরুদ্ধে মাদক মামলা ও অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে অস্ত্র মামলায় খালাস পেয়েছেন তিনি।
গত বছর ২ নভেম্বর রাতে মেয়র তৈয়েবুর রহমানকে ঢাকায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদবাজির মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০২ ঘ.
bdnews24