বাগেরহাট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বাদীর স্বাক্ষর জাল করে 'ধর্ষণ মামলার' পরিবর্তে 'ধর্ষণ চেষ্টার মামলা' নথিভুক্ত করা এবং আসামিকে বেআইনি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১৩ মে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এসব অভিযোগ এনে মামলা করেছেন উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোঁষগাঁতি গ্রামের মৃত রকমান মোল্লার মেয়ে (২৬)।
হাকিম মো. নূর আলী মামলাটি আমলে নিয়ে অপর হাকিম ইয়াররব হোসেনের সহযোগিতায় নিজেই ঘটনা তদন্তের জন্য আদেশ লিপিবদ্ধ করেছেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা, একই থানার তিন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার, মো. সুলতান আহমেদ ও মো. নাজমুল এবং থানার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল সুরঞ্জিত কুমার।
পুলিশের অপকর্মের বিরুদ্ধে কথা বলায় অভিযুক্তরা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বাদীর বিরুদ্ধে ১৭ ধারায় পাল্টা মামলা করার এবং তাকে হাজতে দেওয়ার হুমকি দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, স্বামী ঢাকায় থাকেন বলে তিন মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি বাস করেন। একই গ্রামের জালাল শেখের ছেলে মো. কালন শেখ (৩৫) তাকে প্রায় আড়াই বছর ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ মার্চ গভীর রাতে কালন শেখ তার বসত ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে স্থানীয় কয়েকজন প্রতিবেশী এগিয়ে আসেন এবং তারা কালনকে ছাড়িয়ে নিয়ে যান।
সকালে তিনি মোল্লাহাট থানায় কালন ও তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওসি এলে মামলা রেকর্ড করা হবে বলে তাকে আশ্বস্ত করেন উপস্থিত পুলিশ সদস্যরা। তারা তাকে অভিযোগপত্রটি রেখে চলে যেতে বলেন।
পুলিশ তাকে আর কোন খবর না দিয়ে ঘটনার তিন দিন পর (৯ মার্চ) সংশোধিত নারী ও শিশু নির্যাতন ২০০৩ এর ৯ (৪)(খ) ধারায় একটি মামলা নথিভুক্ত করে। ঘটনার কয়েক দিন পর তিনি থানায় গিয়ে মামলার খোঁজ তাকে জানানো হয় মামলা নথিভুক্ত হয়েছে।
তিনি মামলার নকল চাইলে পুলিশ তা দিতে, এমনকি দেখাতে অস্বীকার করে। পরে তিনি আদালত থেকে নকল তুলে দেখেন যে, তার স্বাক্ষর জাল করে কনস্টেবল সঞ্জিতের হস্তাক্ষরে লেখা এজাহারে কালানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের স্থলে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে এবং তাকে ছাড়িয়ে নিতে সহযোগিতাকারী আসামিদের নাম এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বাদীর স্বাক্ষর জাল করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাদী ধর্ষণের অভিযোগ করলেও বার বার অনুরোধ করা সত্ত্বেও তিনি ডাক্তারি পরীক্ষা করাতে সম্মত হননি। এ বিষয়ে তাৎক্ষনিকভাবে থানায় জিডি করা হয়েছে।
তিনি দাবি করেন, অনৈতিক সুবিধা লাভে ব্যর্থ স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য থানা পুলিশের বিরুদ্ধে ওই মহিলাকে ব্যবহার করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24