চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুচরা বাজারে নতুন চাল ছাড়া আর সব পণ্যের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে। নতুন চালের দাম প্রতি কেজিতে এক থেকে দুই টাকা কমেছে। তবে এ চালের ক্রেতা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। পুরনো চালের দাম যথারীতি আগের মতই রয়েছে।
শুক্রবার সকালে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, নতুন আসা পাইজাম প্রতি কেজি ৩৮ থেকে ৩৯ টাকা, দেশি বেতি ৩১ টাকা, মিনিকেট আতপ ৩৪ টাকা, পারি সিদ্ধ ৩৫ টাকা, মোটা চাল সিদ্ধ ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে পুরনো ভারতীয় বেতি ৩৪ টাকা, বার্মা বেতি ২৯ টাকা, মিনিকেট আতপ ৩৭ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৬ টাকা, পাইজাম সিদ্ধ ৪০ টাকা, পাইজাম আতপ ৩৯ টাকা, জিরা সিদ্ধ ৪২ টাকায় বিক্রি হচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা চাল বিক্রেতা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে নতুন চাল আসতে শুরু করায় দাম কমেছে। তবে ক্রেতারা নতুন চালের চেয়ে পুরনো চাল কিনতে বেশি আগ্রহী। নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে বলে তিনি মনে করেন।
তবে তিনি মনে করেন, সিদ্ধ বা আতপ উভয় ধরনের চালের দাম ৩০ টাকার নিচে নামবে না।
ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও বাজারে নিয়ন্ত্রণ নেই। তবে স্বস্তির বিষয় হল এ সপ্তাহে নতুন করে আর দাম বাড়েনি। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। প্রতি কেজি সুপার সয়াবিন (খোলা) বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৭ টাকায়।
এছাড়া রূপচান্দা ব্র্যান্ডের সয়াবিন ৯০০ এমএল এর বোতল ১১৫ টাকা, দাদা ব্র্যান্ডের এক লিটারের বোতল ১১৭ টাকা, পুষ্টি ১১৭ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫ লিটারের জার ৫৪০ থেকে ৫৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারে আসা চাকরিজীবী রায়হান আহমেদ জিনিসপত্রের দাম নিয়ে হতাশা ব্যক্ত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে আসতে হলে 'আনলিমিটেড' টাকা নিয়ে আসতে হবে। যাদের প্রচুর টাকা পয়সা আছে তারাই প্রয়োজনমত বাজার করতে পারবে। আমাদের মত সীমিত আয়ের লোকদের পক্ষে সম্ভব নয়।"
চট্টগ্রাম নগরীর খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৩৫ টাকা, বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত আটা ৪০ থেকে ৪২ টাকা, ময়দা ৪৩ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি প্যাকেটজাত ডানো গুঁেড়া দুধ ৫৪৮ টাকা, মার্কস ৪৭০ টাকা, ডিপ্লোমা ৫০০ টাকা, কোয়ালিটি ৪৯৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে। আলু কেজিপ্রতি ১৪ টাকা, ঢেঁড়শ ১৪ টাকা, পটল ২০ টাকা, কাকরোল ৩০ টাকা, ঝিঙা ২০ টাকা, করলা ২০ টাকা, বরবটি ২০ টাকা, শশা ১২ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৩৯ ঘ.
bdnews24